ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন দুলাল আর নেই

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১২:১৮ পিএম

ফেনীর প্রবীণ সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ ও এনটিভি’র জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই। মঙ্গলবার ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের ঘনিয়ামোড়া গ্রামের ডাক্তার বাড়ির সিরাজুল ইসলাম কনিষ্ঠ ছেলে এবং ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন বাদ জোহর শহরের মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ফেনীর জনপদে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিটির সভাপতি ও বাসস ফেনী প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে তার মতো একজন নিষ্ঠাবান কলমসৈনিক হারানোর যে বেদনা সেটিও তুলে ধরেন।

এএন