গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকা থেকে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান বাধনের বাসা থেকে তার সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে মাদকসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে এবং সজিব খান মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মো. হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই মাদক সম্রাট হাফিজুর রহমান বাধনের সহযোগী এবং বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করত।
আটককৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এএন