খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্থানীয় সহনশীলতার পরিকল্পনা সম্পর্কে অংশীজনদের অবহিতকরণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে পার্বত্য জেলা পরিষদের ‘করলিয়া’ প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প সমন্বয়ক মো. কোরবান আলী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গোমতি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ভবতোষ ত্রিপুরা, তাইন্দং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ওসমান আলী, সহকার্বারী (পাড়া প্রধান), সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্থানীয় পর্যায়ে টেকসই সহনশীলতার পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি। করলিয়া প্রকল্প এলাকার মানুষের দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ান প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস: স্থানীয় ভৌগোলিক ও জলবায়ুগত ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি জোরদার করা। সহনশীলতা বৃদ্ধি: প্রতিকূল পরিস্থিতিতেও যেন স্থানীয় জনগোষ্ঠী দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি করা। অংশীজনদের ভূমিকা: প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশীজনরা এলাকার বিভিন্ন সমস্যা ও তা নিরসনে করলিয়া প্রকল্পের সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকল্প সংশ্লিষ্টদের পাশাপাশি স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
এএন