মুন্সীগঞ্জে চালু হলো আধুনিক পশু জবাইখানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৪৯ পিএম

মুন্সীগঞ্জে পরিচ্ছন্নতা নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে আধুনিক পশু জবাইখানা চালু করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার উদ্যোগে মুন্সিরহাট এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জবাইখানার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক নূরমহল আশরাফি।

মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু।

পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব জানান, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই কসাইখানায় হালাল প্রক্রিয়ায় মাত্র ১০ মিনিটের মধ্যে একটি পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন করা সম্ভব হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এই স্থাপনায় প্রথম পর্যায়ে প্রতিদিন ১০টি গরু জবাইয়ের সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, পৌর এলাকায় যত্রতত্র পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে আধুনিক কসাইখানা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

এম জি