মনিরামপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৫৭ পিএম

যশোরের মনিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

রোববার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইমামুল হোসেন ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ইমামুল হোসেনের নাতনিকে একদল বখাটে যুবক ইভটিজিং করে আসছিল। তিনি এর প্রতিবাদ করছিলেন। পাশাপাশি একই এলাকার কয়েকজনের সঙ্গে তার পারিবারিক ও সামাজিক বিরোধও চলছিল।

রোববার রাতে তিনি স্মরণপুর গ্রামের মতিনের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা হামলাকারীরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

এম জি