লালমনিরহাটের খেদাবাগে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:৪৬ পিএম

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার বিকেল ৫টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের খেদাবাগ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন এবং দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় বাসিন্দা মো. খাইরুল ইসলাম ও ছাবেয়া বেওয়ার ওপর হামলা চালিয়ে তাদের আহত করা হয়। একই সঙ্গে তাদের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

স্থানীয় বাসিন্দা মো. নূর নবী মিয়া অভিযোগ করেন, হামলার ঘটনায় আলম সাজ্জাদ, সুজা মিয়াসহ প্রায় ৯ জন জড়িত। তিনি আরও দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

আরেক স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করে মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ জানান, মামলাটি আদালতে উপস্থাপন করা হয়েছে এবং আসামিরা জামিনে রয়েছেন। নতুন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম জি