ফেনীতে মেডিকেল কলেজের দাবিতে অনশনের হুঁশিয়ারি এমপি রেহেনা আক্তার রানুর

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:২১ পিএম

ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জাতীয় সংসদে জোরালো বক্তব্য দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। দাবি বাস্তবায়ন না হলে ফেনীর চার সংসদ সদস্যকে নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

রেহেনা আক্তার রানু বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও ফেনী দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত। জেলার মানুষের দীর্ঘদিনের দাবি একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, ফেনী থেকে নির্বাচিত চারজন সংসদ সদস্য এবং জেলার সাধারণ মানুষের অভিন্ন দাবি হলো ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা।

সংসদ সদস্য রানু দাবি করেন, অতীতে ফেনীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক কারণে সেটি টিকিয়ে রাখা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে তারা সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত রাখবেন।

রেহেনা আক্তার রানু বলেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ দাবি সংসদে উত্থাপন করা হবে। প্রয়োজনে ফেনীর চারজন সংসদ সদস্য একসঙ্গে সংসদের দক্ষিণ প্লাজায় আমরণ অনশন কর্মসূচি পালন করবেন।

বক্তব্যের শেষে তিনি বিষয়টিকে জরুরি উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এম জি