দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৩:০৯ পিএম

সারা দেশের ন্যায় বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া লেগেছে দিনাজপুরেও। আজ রাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল ২০২৬। এ উপলক্ষে দিনাজপুর শহরে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রা করেছে ফুটবল ভক্তরা। ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১২টায় গোর-এ-শহীদ বড়মাঠ সিএন্ডবি মোড় থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন। ভক্তরা আনন্দ শোভাযাত্রায় উল্লাস প্রকাশ করেন।

ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম জানান, অন্যান্য বারের ন্যায় এবারও ব্রাজিল ভালো খেলবে এবং বিশ্বকাপ জয় করবে।

শোভাযাত্রায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু জার সেতু, ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সদস্য এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুল সংখ্যক ফুটবল ভক্ত অংশগ্রহণ করেন।

এএন