মাগুরায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০২:০৮ পিএম

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী-২০২৬। 

শুক্রবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রদর্শনীতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল। এছাড়াও জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন। প্রদর্শনীতে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাঁদের পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উদ্ভাবন, তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোগ ও স্টার্টআপ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রদর্শনী পরিদর্শন শেষে বক্তব্যে মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল বলেন, আজকের এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখার একটি মঞ্চ। বর্তমান বিশ্বে যে জাতি জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই জাতিই নেতৃত্ব দেবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যেই সেই সম্ভাবনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মাগুরার তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতা আমাকে মুগ্ধ করেছে। তারা সুযোগ পেলে জাতীয় পর্যায় তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। শুধু চাকরির পেছনে না ছুটে নতুন নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে হবে। তরুণদের উদ্ভাবনী চিন্তাই আগামী দিনের অর্থনীতি ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চর্চা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা সম্ভব। দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, নতুন নতুন উদ্ভাবনী ধারণা এবং প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থিত দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।

জেএইচআর