মাটিরাঙ্গায় বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূলের সাংগঠনিক সভা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৪:৫৩ পিএম

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুরস্থ ‘আইডিএফ ইনোভেশন হাব এন্ড ইকো রিসোর্ট’ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খাঁন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন।

স্বাগত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার তৃণমূলের সাংগঠনিক অবস্থার চিত্র তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময়ই জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থেকে যেকোনো চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে এম এন আবছার বলেন, “আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

সভাপতির বক্তব্যে মো. বাহাদুর খাঁন বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন সফল করতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালাল-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু ইউছুফ চৌধুরী, নাছির আহম্মদ চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন।

এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিউর রহমান মঞ্জুসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

জেএইচআর