দৌলতপুরে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০১:১১ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং অপরজনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাগপুর মাঠপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে তিনটি মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন।

দুর্ঘটনায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া ফুটানি বাজার এলাকার মৃত উজির আলী বিশ্বাসের ছেলে আতাউর রহমান (৫০) ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী দুখিপুর তারাগুনিয়া এলাকার হাসানুজ্জামানের ছেলে হুমায়ুন কবির (২৩) এবং তারাগুনিয়া কৈপাল এলাকার মোকলেসুর রহমানের ছেলে শুভ (২৭) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। হুমায়ুন কবির দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মোটরসাইকেলের সংঘর্ষে আতাউর রহমান নামে একজন নিহত হয়েছেন। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে একজন দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন এবং অপরজনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এএন