বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে ১৪ হাজার ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ ও রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, বন বিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে নিজ নিজ আঙিনায় এবং পতিত জায়গায় বেশি করে গাছ লাগাতে হবে। কেবল চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আতাউল রহমান দিপু। তিনি বলেন, চলতি বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে মাটিরাঙ্গা বন বিভাগের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রায় ১৪ হাজার ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ ও রোপণ করা হবে। পরিবেশের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা ও পুষ্টির চাহিদা পূরণে এসব চারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এএন