লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর একটি ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রবিবার বিকেল থেকে হঠাৎ নিখোঁজ হয় নন্দিনী। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ সকালেও পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতের ভেতর সদ্য খনন করা নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে মাটি খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িত ঘাতকদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
জেএইচআর