মাগুরা সদর উপজেলার পৌর ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় একটি সার ও কীটনাশকের দোকানে টিনের চাল খুলে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ১৭ হাজার টাকার কীটনাশক চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকান মালিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, কাশিনাথপুর গ্রামের বাসিন্দা মো. হোসেন আলী বিশ্বাসের “মেসার্স হোসেন এন্টারপ্রাইজ” নামে একটি সার ও কীটনাশকের দোকান রয়েছে। গত ১৩ জুন রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন ১৪ জুন সকাল সাড়ে ৬টার দিকে দোকান খুললে ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তিনি লক্ষ্য করেন, চোরেরা মই ব্যবহার করে দোকানের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করেছে।
দোকান তল্লাশি করে দেখা যায়, ক্যাশবাক্সে থাকা নগদ ১ লাখ টাকাসহ বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ কীটনাশক চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে এমিস্টার টপ ২২ কার্টন, ফিলিয়া ২ কার্টন, ইনসিপিও ২ কার্টন, থিয়োভিট ১১ কার্টন, মিরাভিজ ১৫ পিস, জিলটপ ২ কার্টন, ভলিয়াম ৩ কার্টন এবং সাইওন ৫ কার্টন। সব মিলিয়ে চুরি হওয়া মালামাল ও নগদের মোট মূল্য ৫ লাখ ১৬ হাজার ৯১০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দোকান মালিক হোসেন আলী বিশ্বাস বলেন, এক রাতেই আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। ঘটনার রাতে এলাকা পাহারার দায়িত্বে লেবু ও রজব মোল্লা নামের দুই নৈশপ্রহরী ছিলেন। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
স্থানীয়দের নিয়ে খোঁজাখুঁজি করে মালামালের কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
জেএইচআর