মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৯:০৮ পিএম

চলমান বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাগুরা জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এই র‍্যালি বের করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ১০ মিনিটে শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে সমবেত হন আর্জেন্টিনা দলের সমর্থকেরা। র‍্যালিতে প্রায় ২৫০ থেকে ৩০০ জন ছেলে, মেয়ে ও শিশু অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার ছিল। পাশাপাশি ব্যান্ড পার্টির সুরের মূর্ছনায় মুখর হয়ে ওঠে পুরো র‍্যালি।

মাগুরা জেলা ফুটবল দলের কোচ সাদ্দাম হোসেন গোর্কির নেতৃত্বে র‍্যালিটি পূর্বাশা সিনেমা হল এলাকা থেকে শুরু হয়ে নোমানী ময়দান চৌরঙ্গী, ভায়না মোড় ও ঢাকা রোড প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিকেল ৫টা ৫০ মিনিটে নোমানী ময়দানে এসে শান্তিপূর্ণভাবে এটি শেষ হয়।

র‍্যালিকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাগুরা সদর থানা পুলিশের একটি টহল গাড়ি তাদের সঙ্গে ছিল। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের এই আয়োজন পুরো শহরবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

জেএইচআর