নাজিরপুরে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১১:৩৪ এএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আশিকুজ্জামানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর শহর এলাকায় অভিযান চালিয়ে নাজিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত মো. আশিকুজ্জামান নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা এবং সোনামুদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতে মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পিরোজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এম জি