শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এসব টেকসই উন্নয়ন ও সহায়তা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেএইচআর