চট্টগ্রামের মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক সদ্যজাত কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোনাপাহাড় এলাকার বাসিন্দা মীর হোসেনের ঘরের প্রধান দরজার সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। হঠাৎ ব্যাগের ভেতর থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। এ সময় পলিথিনের ভেতরে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুকে দেখতে পান তাঁরা। ফেলে যাওয়ার সময় শিশুটির নাড়ি তখনো কাঁচা অবস্থায় ছিল।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালটিতে শিশুটির চিকিৎসা চলছে।
শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ ফারুক বলেন, স্থানীয়রা শিশুটিকে অত্যন্ত সংকটাপন্ন ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতকটি এখন আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। তবে দ্রুত খোঁজ নিয়ে শিশুটির সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর