রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক। তাঁরা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- একই এলাকার হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা মেট্রো (ট-১২-৭৪৪৪) নম্বরের ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক ভাইয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেএইচআর