ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
বৃহস্পতিবার দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যানের গোপন কুঠুরি কেটে ইয়াবার চালান উদ্ধার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার চালান ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটি থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন, একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়ির উপরের অংশে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন-কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এম জি