বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভালো মানুষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের ঘটনাপ্রবাহ না ঘটলে ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হতো না। তার ভাষায়, ২৪ হয়েছিল বলেই ২৬ সালের নির্বাচন হয়েছে। ২৪ না হলে ২৬ সালে নির্বাচন হওয়ার কথা ছিল না।
তিনি আরও দাবি করেন, ওই সময়ের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় বর্তমান রাজনৈতিক ও নির্বাচন প্রক্রিয়া এগিয়েছে। যারা জীবন দিয়েছেন, তাদের রক্তের বিনিময়েই সরকারি ও বিরোধী রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি এবং শহীদদের অবমূল্যায়ন না করার আহ্বান জানান।
বক্তব্যে তিনি ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে ২০২৪ সালের ঘটনাপ্রবাহে নিহতদের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জের অতীত প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় শহরটি ‘প্রাচ্যের ড্যান্ডি’ হিসেবে পরিচিত থাকলেও পরে তা গৌরব হারায় এবং বিভিন্ন সময়ে সন্ত্রাস ও অনিয়মের নগরী হিসেবে পরিচিত হয়ে ওঠে। তিনি ত্বকী হত্যার বিচার প্রসঙ্গও তুলে ধরে নতুন করে কোনো প্রভাবশালী গোষ্ঠীর উত্থান না চাওয়ার কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও অস্থিরতার রাজনীতি তিনি দেখতে চান না। তার ভাষায়, ভালো মানুষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
অনির্বাচিত প্রশাসকদের অপসারণ করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। পাশাপাশি জানান, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরে প্রার্থী দেবে এবং সেখানে আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ২৭টি ওয়ার্ডে যোগ্য প্রার্থী দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
এম জি