পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর নতুন ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. লুৎফর রহমান এবং সম্পাদক হিসেবে হাসিনুর রহমান দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২০ জুন) ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষক সমাজের পেশাগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম গতিশীলকরণ এবং শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।
আলোচনান্তে পাঁচজনকে উপদেষ্টা করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন-প্রভাষক জাফর ইকবাল হিরোক, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ মো. সাহিনুর ইসলাম এবং সহ-অধ্যাপক মো. আমিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রভাষক আব্দুস সালাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. নাজিম উদ্দিন (সাগর), আহ্বায়ক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) পাবনা জেলা শাখা। প্রধান বক্তা ছিলেন সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান (মিল্টন), সদস্য সচিব, পাবনা জেলা শাখা।
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম (খতিব জাহিদ স্কুল অ্যান্ড কলেজ)। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভাষক জাফর ইকবাল হিরোক, সদস্য সচিব উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের উচ্চ মাধ্যমিক ও কলেজ শিক্ষাকে আরও যুগোপযোগী করতে এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে পারস্পরিক পরিচিতি বিনিময়ের মাধ্যমে মো. লুৎফর রহমানকে সভাপতি ও হাসিনুর রহমানকে সম্পাদক করে ১৮ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এম জি