পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় শিশা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৪:০৩ পিএম

নওগাঁর পোরশায় ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক, গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।

বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘কেবল কঠোর আইন নয়, সচেতনতাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’ বিষয়ে পক্ষে-বিপক্ষে অংশ নেয় গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় ও শিশা উচ্চ বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় শিশা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে হুমায়রা জান্নাত, জেরিন সায়মা ও ফাতেমা জান্নাত অংশগ্রহণ করে রানারআপ ট্রফি জিতে নেয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফিয়া ফামিদা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তাই দেশপ্রেম, নৈতিকতা ও সততার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জেএইচআর