রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৮:০০ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম।

বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে উন্নত মানের রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মরিচের বীজ, রাসায়নিক সার এবং প্রয়োজনীয় বালাইনাশক। উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন উর রশিদ, শফিউল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৮০০ জন কৃষককে রোপা আমন চাষের জন্য জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ৬০ জন এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ও বীজ উৎপাদনের জন্য ৩২০ জন কৃষককে বিনামূল্যে বীজ, সার ও বালাইনাশক দেওয়া হচ্ছে।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক সময়ে উন্নতমানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে উপজেলায় কৃষি ফলন আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ খাদিজা বেগম কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারের দেওয়া এই প্রণোদনা যথাযথভাবে জমিতে ব্যবহার করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তিনি কৃষকদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত উপকারভোগী কৃষকদের হাতে সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

জেএইচআর