আগামীকাল ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌরাস্তার আল-মদিনা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে টিপরদী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে দলটির নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে সোনারগাঁ বিএনপি সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা বা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা। কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারী, দপ্তর সম্পাদক ফজল মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ, রাকিব হাসান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশীদ মিঠু, উপজেলা যুবদল নেতা মামুন আব্দুল্লাহ, আল আমিন বেপারী ও মহসিন রানা প্রমুখ।
জেএইচআর