স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজ ও সমতাভিত্তিক প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামে একটি অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকার ফ্রেন্ডশিপ স্কুল চত্বরে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
ক্যাম্পেইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি, স্বাস্থ্য ও ভূমি সেবাসহ বিভিন্ন সরকারি নাগরিক সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে অনলাইন সেবা গ্রহণের সহজ পদ্ধতিগুলো তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিবতাহুল রহমান, জেলা সমাজসেবা উপপরিচালক মুহ. হুমায়ুন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী এবং জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগার আলী, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর এবং ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের জেনারেল ম্যানেজার একরামুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা এতে অংশ নেন।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সরকারি সেবার সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্য পূরণে ডিজিটাল সেবার সম্প্রসারণ, সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং তৃণমূলের জনগণের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সরকার জনগণের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই সরকারি সেবার প্রাপ্যতা আরও কার্যকর ও সহজ করা সম্ভব।
জেএইচআর