জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নেত্রকোণা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা এ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। কলমাকান্দা মূলত এক সড়কের উপজেলা শহর হওয়ায় এ উপজেলায় দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা বিরাজ করছে। কলমাকান্দা বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বাজারের সার্বিক উন্নয়নে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মিত হলে কলমাকান্দাবাসীর আর্থসামাজিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘কলমাকান্দা বাজারে বাইপাস রাস্তা তৈরি ও বাজার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা’-এ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মাঝে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কলমাকান্দার উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ থাকার সুযোগ নেই। দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন একটি উন্নত কলমাকান্দা গড়ে যেতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, কলমাকান্দা বাজারকে কেন্দ্র করে পরিকল্পিত বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণ করা গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বাজারের ওপর যানবাহনের চাপ কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং জমির মূল্য বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
ডেপুটি স্পিকার আরও বলেন, কলমাকান্দাকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছি। ভবিষ্যতে পৌরসভা প্রতিষ্ঠা করা গেলে ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা ও ক্রীড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও মানবিক কলমাকান্দা গড়ে তুলতে চাই। এজন্য যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি এখানে আধুনিক স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।”
উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, জনগণের টাকায় নির্মিত প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে। নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলে তা বরদাশত করা হবে না।
সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কলমাকান্দার উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম যৌথভাবে সঞ্চালনা করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির সমন্বয়ক আহমেদ শফিসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, পুরোহিত, ফাদার এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য এলাকা ও কলমাকান্দা বাজার সরেজমিনে পরিদর্শন করেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলে যানজট নিরসনের পাশাপাশি কলমাকান্দার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।
এএন