রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:২৩ পিএম

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। তিনি বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। বর্ষা মৌসুমে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা থাকায় জেলা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগণকে সচেতন করতে হবে। একটানা ১২ ঘণ্টা বৃষ্টি হলে সাধারণ মানুষ যাতে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ও রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক মো. ইমরানুল হক ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এবং নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, শাইনিং হিল এনজিওর নির্বাহী পরিচালক মো. আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। জুম মিটিংয়ের মাধ্যমে জেলার অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তারাও এই সভায় অংশ নেন।

জেএইচআর