নলকূপের পানিতে বিষক্রিয়া: নাগরপুরে ৩২ শিক্ষার্থী অসুস্থ, আশঙ্কাজনক ২

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:৩৩ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকূপের (টিউবওয়েল) পানি পান করে অন্তত ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। কৃষি জমিতে ব্যবহারের কীটনাশক কে বা কারা নলকূপের পানিতে মিশিয়ে দেওয়ায় এই বিষক্রিয়া ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, সকাল ১০টার দিকে বিদ্যালয়ের পিয়ন মো. মিজানুর রহমান নলকূপের ভেতরে পলিথিন ও বিষের গন্ধ পাওয়ার কথা জানান। এর কিছুক্ষণ পরেই যেসব শিক্ষার্থী ওই নলকূপের পানি পান করেছিল, তারা একে একে বমি করতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদকে জানিয়ে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির জানান, অসুস্থ অবস্থায় ৩২ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে অষ্টমী (১৩) ও জান্নাত (১২) নামের দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষক্রিয়ার সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনার খবর পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন ও নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম হাসপাতালে ছুটে যান এবং অসুস্থ শিক্ষার্থীদের খোঁজাখুঁজি ও চিকিৎসার খোঁজখবর নেন।

জেএইচআর