টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে নিহত ৪ গারো পরিবারের সদস্যদের মাঝে সরকারিভাবে জিআর প্রকল্পের মাধ্যমে নগদ এক লাখ টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নগদ অর্থ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার অরণখোলা ইউনিয়নের জলই গ্রামের নিহত বাবলু হাদিমা (৩৫), শিশু নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫) ও গ্রাব্রিয়েল নকরেক (৪৫)-এর পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুন শনিবার উপজেলার জলই গ্রামে পরিত্যক্ত কূপ থেকে একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।
পরে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা প্রদানের ঘোষণার পরিপ্রেক্ষিতে এ অর্থ প্রদান করা হয়।
এএন