ঝিনাইদহের কোটচাঁদপুরে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটচাঁদপুর পৌরসভার মেইন বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নি.) অমিত কুমার সাহা এবং তাঁর সঙ্গে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২৬) এবং বাসস্ট্যান্ড পূর্বপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে ইমরান সিদ্দিক (৩৫)।
কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কোটচাঁদপুর থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
জেএইচআর