মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে একদল দুর্বৃত্তের বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অন্তত ১০টি বসতঘর ও একটি মুদি দোকান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক নারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ও নতুন মাদারীপুর এলাকায় এই তাণ্ডবলীলা চালানো হয়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীগঞ্জ ও নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আখতার হাওলাদারের সাথে লাভলু হাওলাদার ও হাসান মুন্সীর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ করেই লাভলু হাওলাদার ও হাসান মুন্সীর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আখতার হাওলাদারের সমর্থকদের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা মুহূর্তের মধ্যে বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘরসহ অন্তত ১০টি ঘর এবং একটি মুদি দোকানে অগ্নিসংযোগ করে।
আগুনের লেলিহান শিখায় কৃষক খবির হাওলাদার, রানা বেপারী, সিরাজ বেপারী, আবু বেপারীর বসতবাড়ি এবং জেলাল বেপারীর মুদি দোকানসহ মোট ১১টি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, অগ্নিসংযোগের আগে ঘর ও দোকান থেকে নগদ টাকা, গবাদিপশু এবং মূল্যবান মালামাল লুটপাট করা হয়েছে।
হামলা চলাকালীন বাধা দিতে গেলে শাকিলা বেগম নামের এক নারীকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আকস্মিক এই হামলায় নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বাস করছে এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর