বোদায় ‘এক শিশু, একটি গাছ’ কর্মসূচিতে ২০ হাজার চারা বিতরণ

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৩১ পিএম

‘এক শিশু, একটি গাছ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের বোদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বোদা পৌরসভার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।

চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাকির হোসেন এবং আইসিটি কর্মকর্তা ধনেশ্বর চন্দ্র রায়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘এক শিশু, একটি গাছ’ কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মনে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি হবে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করা জরুরি।’ এ সময় তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

জেএইচআর