নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
আজ সকালে নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরা এবং পরিবেশ সম্পর্কে সকলের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। ক্যাম্পাসকে একটি গ্রিন ক্যাম্পাসে পরিণত করতে প্লাস্টিক পণ্য বর্জনের পাশাপাশি বেশি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
উপাচার্য আরও উল্লেখ করেন, আগামী ৫০ বছরের জন্য নোবিপ্রবির একটি মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে। সেখানে পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্যমুক্ত পরিবেশ এবং পরিকল্পিত বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া আর্সেনিকমুক্ত পানির জন্য জাপানি উন্নয়ন সংস্থা জাইকার (JICA) সঙ্গে একটি প্রজেক্ট বাস্তবায়নের কাজ এগোচ্ছে, যা সফল হলে শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসন হবে।
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান এবং নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলেও তারই অংশ হিসেবে আজ নোবিপ্রবি ক্যাম্পাসে এই বিশেষ কর্মসূচি উদযাপন করা হয়।
জেএইচআর