কোনো কর না বাড়িয়ে ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা রাসিকের

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:১৭ পিএম

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে নাগরিকদের ওপর কোনো নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি করা হয়নি।

মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক জানান, নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা এবং সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছিল ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা। সেই তুলনায় এবার নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রাসিক প্রশাসক আরও জানান, রাজশাহীকে পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে স্বাস্থ্য খাতে সিটি হাসপাতালের আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, চারটি নতুন অ্যাম্বুলেন্স এবং মরদেহ পরিবহনের জন্য দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু করা হবে। এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য রাসিক পরিচালিত পার্ক ও বিনোদন কেন্দ্রে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেন তিনি।

রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি জানান, বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নসহ বিভিন্ন খাতে নির্দিষ্ট সময় পর্যন্ত সারচার্জে ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্সে ৯০ শতাংশ ছাড় বহাল থাকবে এবং ছাদবাগান উৎসাহিত করতে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়ের সুবিধা রাখা হয়েছে।

অবকাঠামো ও পরিবেশ উন্নয়নে নগরীর বিভিন্ন সড়ক সংস্কার, আলোকসজ্জা, আধুনিক গণশৌচাগার নির্মাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিয়ন্ত্রণে নতুন ফগিং মেশিন ক্রয় এবং চলমান ফ্লাইওভার প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরিকল্পনার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেএইচআর