চাঁদপুরে যৌথ অভিযানে ৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

এমরান হোসেন রাজন, চাঁদপুর প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:২৮ পিএম

চাঁদপুর শহরের পুরান বাজারে এক যৌথ অভিযানে একটি গোডাউন থেকে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। 

বুধবার দুপুরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পুরান বাজার এলাকায় সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস এই যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। অবৈধ জাল মজুদের অপরাধে তিনি গোডাউনের দায়িত্বে থাকা একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, গোডাউনটিতে তল্লাশি চালিয়ে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। পরবর্তীতে জব্দকৃত এসব জাল রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএইচআর