চৌগাছায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৪:২০ পিএম

যশোরের চৌগাছায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ আজিম উদ্দিন (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে চৌগাছা-মহেশপুর সড়কের চৌগাছা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম অবৈধ গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার আজিম উদ্দিন চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

জেএইচআর