মধুপুরে ১ লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন

আা. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৪:২৪ পিএম

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনাড়া ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির জন্য মোট চুক্তিমূল্য বা বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আউশনাড়া ইউনিয়নের কাকরাইদ এলাকাসহ আশপাশের সাধারণ মানুষের নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার গ্রামীণ জনপদে নাগরিক সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক।

এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. ইমরান হোসেন, বিএনপি নেতা এম. রতন হায়দার, খুররম খান ইউসুফজী প্রিন্স, আনোয়ার হক লিলি, খন্দকার মোতালিব হোসেন, আব্দুল লতিফ পান্না, মেহেদী হাসান মিঞ্জু ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

জেএইচআর