সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও নির্ভুল তথ্য প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্র ও জনগণের সামনে দেশের প্রকৃত চিত্র তুলে ধরেন, যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে-এমন মন্তব্য করেছেন ফেনীতে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তারা।
শনিবার (৪ জুলাই) সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম।
এনটিভির ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে এনটিভির ফেনীর সাবেক জেলা প্রতিনিধি, প্রয়াত সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এম জি