ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৫৭ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কয়েক দিন পর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত হিসেবে একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে গত ৩০ জুন (মঙ্গলবার) ভোররাতে। তবে শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং পুলিশও আনুষ্ঠানিকভাবে ঘটনার বিষয়ে অবগত হয়।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা মাঝবয়সী এক নারীর কাছে গিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পরে বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে এসে ওই নারীকে দেখতে পান।

ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকন (৫০) নামের এক ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, খোকন এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং তিনি একজন চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরেই পুলিশ ঘটনাটি সম্পর্কে জানতে পারে। পরে ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখনো ভুক্তভোগী নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্ত, প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

এএন