মনোহরদীর বীর আহাম্মদপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আজ শনিবার একসঙ্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ শিশু একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
শনিবার দুপুরে মনোহরদীর চর আহাম্মদপুর গ্রামের কালাম মাস্টারের বাড়ি-সংলগ্ন পুকুরে পানিতে ডুবে একই গ্রামের আশামনি, সুমাইয়া ও ফাতেমার মৃত্যু হয়।
গ্রামবাসী সূত্রে জানা যায়, আজ দুপুরে তারা তিনজন মিলে ওই পুকুরে গোসল করতে নামে। পরে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে।
তাদের মধ্যে আশামনি (১১)-এর বাড়ি চর আহাম্মদপুর গ্রামে। তার পিতার নাম তুহিন। অপর মৃত ফাতেমা (১২) একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সুমাইয়া (১১)-এর পিতার নাম শুকুর আলী। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বলে জানা যায়। সে চর আহাম্মদপুর গ্রামের দোকানি খোরশেদের নাতনি। তারা সবাই চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
এ বিষয়ে মনোহরদী থানার ওসি মো. জাহাঙ্গীর বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানা যাবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএন