ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ক্যান চেইঞ্জ (ডব্লিউসিসি)’ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) শহরের সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
সংগঠনটির চেয়ারম্যান প্রফেসর ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে আয়োজিত এ ক্যাম্পে সহযোগিতা করে বরিশালের ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল।
ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সেবাগ্রহীতারা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা জানান।
এম জি