টাঙ্গাইলের মধুপুরে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকায় স্থানীয় লোকজন মো. আল আমিন (২৬) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।
খবর পেয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে আল আমিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯(১) (খ) ও ৩৬(১)(৮) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি আল আমিন দুর্গাপুর গ্রামের মৃত মাজম আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে। মাদকবিরোধী এসব অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এএন