ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রোববার সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন মনির (৩০) দুর্ঘটনাকবলিত ‘নাহিদ সুপার’ বাসের সুপারভাইজার ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ‘নাহিদ সুপার’ বাসটি রায়াপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি থ্রি-হুইলারকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাসের সুপারভাইজার আল মামুন মনিকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চালান। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।
এএন