যশোরের চৌগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, উদ্যোক্তা সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা বিকাশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
উপজেলা পল্লী উন্নয়ন সহকারী সদস্য তারিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার এবং চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন সহকারী সদস্য আবু সাঈদ, প্রকল্প সহকারী সদস্য প্রকাশ কুমার, উপজেলা পল্লী উন্নয়ন পরিদর্শক জামাল হোসেন এবং মাঠ সংগঠক মিঠুন কুমারসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সমিতির প্রতিনিধি এবং উদ্যোক্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২৭টি দল বিভিন্ন পল্লী উন্নয়ন কার্যক্রমের আওতায় রয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিংহঝুলি ও ধুলিয়ানী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেএইচআর