চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় একটি মুরগির খামারের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল দেওয়ানের মুরগির খামার থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন নিয়মিত টহল চলাকালে আভিযানিক দল খবর পায় যে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারের ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে প্লাস্টিকের ব্যাগটির ভেতর থেকে ২টি দেশীয় তৈরি শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালিত হয়েছে। এলাকায় অপরাধ দমনে এই ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেওয়া হয়নি। র্যাবের পক্ষ থেকে অস্ত্রগুলো জমা দিয়ে মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর