জনসেবার মান বাড়াতে ঝালকাঠিতে ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৫০ পিএম

ঝালকাঠি পৌর এলাকায় প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর প্রশাসক মো. কাওছার হোসেন এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পৌরসভার প্রকৌশলী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি শহরের বিভিন্ন স্থানে প্রকল্পগুলোর ফলক উন্মোচন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পৌরসভার যানবাহন রাখার শেড নির্মাণ, সমাজসেবা বিভাগের ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র সরবরাহ, লঞ্চঘাটসংলগ্ন ট্রলারঘাট এলাকায় যাত্রী চলাচলের সুবিধার্থে সড়ক নির্মাণ, প্রস্তাবিত লিচুবাগান পার্কের প্রবেশ সড়ক নির্মাণ এবং বাহের রোড এলাকার গ্রামীণ কৃষিপণ্য ও বৈকালীন সবজি বাজারে টিনশেড নির্মাণ।

দুপুর দেড়টার দিকে বাহের রোড এলাকার গ্রামীণ কৃষিপণ্য ও বৈকালীন সবজি বাজারে টিনশেড নির্মাণকাজের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। পরে পৌর প্রশাসক পর্যায়ক্রমে অন্য প্রকল্পের স্থানগুলো পরিদর্শন করে ফলক উন্মোচন করেন।

বাজারে আসা কয়েকজন ক্রেতা ও বিক্রেতা জানান, নতুন টিনশেড নির্মিত হলে রোদ ও বৃষ্টির মধ্যে ব্যবসা পরিচালনা এবং কেনাকাটা করা সহজ হবে। এতে বাজারের পরিবেশের উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, নাগরিক সেবার মান উন্নয়ন এবং পৌরবাসীর জীবনযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএইচআর