চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

এমরান হোসেন রাজন, চাঁদপুর প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০২:১২ পিএম

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি নিজ বাসায় ফিরলে আজ সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

ফরিদা ইলিয়াস শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির মৃত আব্দুল গফুর শেখের মেয়ে এবং তাঁর স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে রাজপথে নিয়মিত সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানায়, একটি সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে আজ সকাল ৮টায় শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী এলাকার নিজ বাসা থেকে ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে চাঁদপুর সদর মডেল থানায় এই মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) আল-আমিন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজই আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেএইচআর