হামলার শিকার নরসিংদীর সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধা বুবি আর নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৪০ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের চিরপরিচিত পরিচ্ছন্নতাকর্মী ও সম্প্রতি নির্মম নির্যাতনের শিকার হওয়া সেই অসহায় বৃদ্ধা বুবি (৮০) মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি একজন বাকপ্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘ ১৫ বছর ধরে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছিলেন। স্টেশনে আগত যাত্রী ও স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত সুপরিচিত ও স্নেহভাজন মুখ ছিলেন।

কয়েক দিন আগে মেথিকান্দা স্টেশন এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও বর্বরোচিত নির্যাতনের শিকার হন এই বৃদ্ধা। একজন অসহায় বাকপ্রতিবন্ধী নারীর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে প্রকাশ্যে এলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি জানার পরপরই রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বৃদ্ধা বুবির চিকিৎসার সুব্যবস্থা ও সার্বিক দেখভালের দায়িত্ব নেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সুস্থ করে তুলতে সব ধরনের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বৃদ্ধা বুবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, একজন অসহায় প্রবীণ নারীর ওপর এই বর্বরোচিত হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশকে কঠোর ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর