তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম অঙ্গ বলে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার যখন পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে, তখন কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ‘পঞ্চগড় গেট’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি কথার চেয়ে কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে, তখন যারা এখন আন্দোলন করছে তাদের কোনো ভূমিকা ছিল না। এমনকি তিস্তা নিয়ে তাদের কোনো পরিকল্পনা বা স্বপ্নও ছিল না। তাই দেশে আর স্টান্টবাজির রাজনীতি চলবে না।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজ অচিরেই শুরু হবে এবং সরকার এটি বাস্তবায়নে বদ্ধপরিকর।
পঞ্চগড় গেট নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই এই গেট নির্মাণ করা হচ্ছে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পঞ্চগড় জেলা পরিষদের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে গেটটি নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম জি